শরীয়তপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নুসার গাইডেন্স প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গাইডেন্স প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইডেন্স প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সৌরভ কাজী, মিল অফিসার জাহাঙ্গীর, ইউনিয়ন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আইরিচ আক্তার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
ক্যাম্পেইনে গাইডেন্স প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সৌরভ কাজী ও মিল অফিসার জাহাঙ্গীর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আইরিচ আক্তার নারী ও কন্যাশিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সুশীল সমাজের প্রতিনিধি সজিব পেদা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বরং পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যাম্পেইনে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।









