জীবন দিয়ে হলেও আওয়ামী নাশকতা রুখে দেব: যুবদল নেতা আসাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
জীবন দিয়ে হলেও আওয়ামী নাশকতা রুখে দেব: যুবদল নেতা আসাদ

ছবি: বিডি মেইল

মো. আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঝিনাইদহে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে যুবদল। এ কার্যক্রম পরিচালনার বিশেষ দায়িত্ব নিয়ে জেলায় এসেছেন কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। আসন্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা যুবদল এ সভার আয়োজন করে।


সভায় আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে কেন্দ্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা পালনে জীবন দিয়ে হলেও দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকব, ইনশাআল্লাহ। ঝিনাইদহের মাটিতে কোনো ধরনের নাশকতা বা অরাজকতা বরদাশত করা হবে না।’


প্রস্তুতি সভায় ঝিনাইদহ জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা আগামী দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।