অসুস্থ পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক, উন্নত চিকিৎসায় বগুড়ায়

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম
অসুস্থ পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক, উন্নত চিকিৎসায় বগুড়ায়

ছবি: বিডি মেইল

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ ও সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হেপাটাইটিস-বি (লিভার জন্ডিস) আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।


পরিবার সূত্রে জানা গেছে, দিন দিন তাঁর রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়ছে। মুখে খাবার খেতে না পারায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন তিনি। পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগে নেওয়া হয়।


হামিদুল হক মন্ডলের চিকিৎসার জন্য পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার, সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক যুগের আলো প্রতিনিধি ও প্রেসক্লাবের অন্যতম সদস্য ওমর ফারুকসহ অন্যরা।


অসুস্থ সাংবাদিক হামিদুল হক মন্ডলের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।