বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ এএম
বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ

ছবি: সংগৃহীত

​বরগুনা প্রতিনিধি


বরগুনায় উৎসবমুখর পরিবেশে ‘বর্ষ সমাপনী শিক্ষা উৎসব-২০২৬’ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সজল চন্দ্র শীল। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা।


বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আধুনিক ও মানসম্মত পাঠদান, স্মার্ট পাঠশালার মাধ্যমে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মাল্টিমিডিয়া ও শিক্ষা উপকরণের ব্যবহার এবং নিয়মিত মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।


এ সময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং আগামী দিনের শিক্ষাকার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।