আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


দেশে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর জেলা শহরের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।


তাঁরা আরও বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাসেমী, নায়েবে আমির কে. মকবুল হোসাইন ও মাওলানা শাহাবুদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম সিকদার এবং খন্দকার দেলোয়ার হোসাইন।


এ ছাড়া জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।