সার্বভৌমত্ব ও নাশকতার প্রশ্নে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি
ছবি: বিডি মেইল
মো. আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালিয়ে কেউ পার পাবে না এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ যেন ভুলেও চোখ তুলে না তাকান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
বক্তব্যে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন। মন্ত্রী বলেন, ‘ক্ষমতার লোভে একটি পক্ষ দেশে জ্বালাও-পোড়াও ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জের সাধারণ মানুষও এসব কর্মকাণ্ড পছন্দ করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।’
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।









