শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ককটেল বিস্ফোরণ

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



শরীয়তপুরের জাজিরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সংঘর্ষের সময় অন্তত ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে।


সংঘর্ষ ও বিস্ফোরণে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লাও গুরুতর আহত হয়েছেন। বোমার আঘাতে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, বোমা বিস্ফোরণের আঘাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এমকে/বিএম২৪