শরীয়তপুরের গোসাইরহাটে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলার মিত্রসেনপট্টি এলাকার মিনি স্টেডিয়ামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল এলাকার আবু হানিফের ছেলে জিসান রহমান আরাফাত (১৮) এবং একই এলাকার মৃত আবু তাহের বেপারীর ছেলে মো. আবুল কাশেম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানা পুলিশের একটি টহল দল মিনি স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
দণ্ডাদেশের পর তাঁদের পুলিশি পাহারায় শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি ‘সে অলওয়েজ ট্রুথ’কে নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।
এমকে/বিএম২৪








