৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে হয়েছেন অভিনেতা
সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেতার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে নিজের দাপট ধরে রেখেছেন তিনি। তবে অভিনয়জগতে তাঁর পথচলা শুরু হয়েছিল একেবারেই ভিন্ন এক স্বপ্ন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে।
একসময় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন শাহরুখ। ক্রিকেট, ফুটবল ও হকিতে তাঁর ভালো দক্ষতাও ছিল। কিন্তু পিঠের নিচের অংশে গুরুতর চোট পাওয়ায় থেমে যায় সেই স্বপ্ন। দীর্ঘদিন বিছানায় থাকতে হয়েছিল তাঁকে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করেন এই অভিনেতা।
সে সময় মায়ের পরামর্শে থিয়েটারের সঙ্গে যুক্ত হন শাহরুখ। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ‘অ্যানি গেট ইওর গান’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর মঞ্চযাত্রা। পরে রামলীলায় হনুমানের দলের একটি বানরের চরিত্রেও অভিনয় করেন তিনি। শুরুর দিকের সেই অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, লম্বা লেজ নিয়ে বানরের চরিত্রে মঞ্চে অভিনয় করাই দর্শকের সামনে তাঁর ভয় কাটাতে সাহায্য করেছিল।
থিয়েটার থেকে টেলিভিশন, এরপর বড় পর্দা—এভাবেই ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন শাহরুখ। ‘ফৌজি’ ও ‘সার্কাস’সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
৬১তম জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন বলিউডের এই তারকা। খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অভিনয়ের জগতে নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শাহরুখ খান।
এমকে/বিএম২৪









