রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম
রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সূত্রঃ সংগৃহীত

আবু কাওসার মাখন; বিশেষ প্রতিনিধি




রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।


মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।


বৈঠকে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি, আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ ছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো একটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।


রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে জাপানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন।


জাপানি প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদও উপস্থিত ছিলেন।


এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪