রাজশাহীর বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার: রিজভী
সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব প্রতিষ্ঠান চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রাজশাহীর অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী কৃষিনির্ভর একটি অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে আখ ও সবজি উৎপাদিত হয়। এ অঞ্চলে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো বন্ধ রয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠান সচল করা সম্ভব হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
জনসভায় সরকারের কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, কৃষক ও নিম্নআয়ের মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড এসব উদ্যোগের অন্যতম।
রিজভী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় একজন উপকারভোগী মাসে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন।
তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই পরিকল্পনারই অংশ।
এমকে/বিএম২৪









