রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।


জনসভায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণের মাধ্যমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরাও তাঁর সঙ্গে সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।


এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান।


জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।


এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।


রাজশাহীর জনসভা শেষে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তাঁর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


এর আগে মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর যান প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।


এমকে/বিএম২৪