রাজশাহীতে ১৫ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল মাদক ও নগদ টাকা জব্দ
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ২ বোতল এসকাফ সিরাপ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫২০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-মুখপাত্র মো. গাজিউর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ থেকে ৪ আগস্ট মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা, মতিহার, বোয়ালিয়া, কাটাখালী ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে এসব মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
৪ আগস্ট কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ বুলবুলি বেগম (৩৫) ও কমেলা বেগম (৩২) নামে দুই নারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে যথাক্রমে ৬০ গ্রাম ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া কমেলার কাছ থেকে মাদক বিক্রির ৭০০ টাকা জব্দ করা হয়।
একই দিনে পবা থানার পৃথক অভিযানে ভবানীপুর থেকে মিরাজ আলী (৩৪) এবং বসন্তপুর থেকে শাহিন আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১৩ ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ৮২০ টাকা ও ৫ হাজার টাকা নগদ জব্দ করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন (৩১) ও মো. ইসমাইল হোসেন ছোটনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে ৩ আগস্ট মতিহার থানার অভিযানে তরিকুল ইসলাম তরিককে (৩৫) গ্রেপ্তার করে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩ আগস্ট রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় ডিবির অভিযানে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) এবং নার্গিসকে (৫০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ৩৯ ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নার্গিসের কাছ থেকে ১০ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে।
একই দিন রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় সাজিদ (৩৩) ও রোজিনা (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। সাজিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রোজিনা দীর্ঘদিন ধরে সাজিদের সহযোগী হিসেবে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সাজিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বোয়ালিয়া থানার জোতমহেষ পাঠানপাড়া এলাকায় অভিযানের সময় রজনী খাতুন (৩১) পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এদিকে ২ আগস্ট কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাপন কর্মকার (৩৫) ও মুরাদ হাসানকে (৩৭) গ্রেপ্তার করা হয়। পাপনের কাছ থেকে ২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে মুরাদ দীর্ঘদিন ধরে পাপনের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এ ছাড়া ৩ আগস্ট রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল বারীকে (২৩) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









