২০০ নবীন বিতার্কিককে বরণ করল পাস্ট ডিবেটিং সোসাইটি

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
২০০ নবীন বিতার্কিককে বরণ করল পাস্ট ডিবেটিং সোসাইটি

সংগৃহীত

পাবিপ্রবি প্রতিনিধি


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একমাত্র বিতর্কবিষয়ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটির (পাস্টডিএস) উদ্যোগে ২০০ নবীন বিতার্কিককে বরণ করে নেওয়া হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কোরআন তিলাওয়াত করেন মাহি বিন জাকির এবং গীতা পাঠ করেন প্রিয়ম সরকার।


শাহরিয়ার নাফিস ইমন ও সাদিয়া সুলতানা তাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক স্মরণিকা ইসলাম জুঁই, সাবেক সভাপতি আব্দুর রউফ, সহসভাপতি রেজওয়ান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক লামিয়া হোসেন পৌসি, বর্তমান সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য।


এ সময় বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা নবীন বিতার্কিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


নবীনদের উদ্দেশে রেজওয়ান হৃদয় বলেন, ‘পুরো বিশ্ববিদ্যালয়ে যত সংগঠন আছে, নিজের প্রতিভা বিকাশের জন্য ডিএসএ অন্যতম একটি জায়গা। এখানে নিজেকে তুলে ধরার সুযোগ রয়েছে। ক্রিটিক্যাল থিংকিং থেকে শুরু করে বিভিন্ন দক্ষতা বিকাশের সুযোগ পাওয়া যায়।’


তিনি আরও বলেন, ‘আমরা অনেক সময় দেখি, অনেকে প্রথম দিকে ডিএসএতে আসেন, নিজের প্রতিভা দেখানোর জন্য যুক্ত হন। কেউ কেউ স্কুল-কলেজ পর্যায়ে বিতর্ক করে এসেছেন, সেই অভিজ্ঞতা থেকে এখানে আসেন। কিন্তু পরবর্তী সময়ে তাঁরা ঝরে পড়েন। এমনটা যেন না হয়, সে জন্য সবার প্রতি অনুরোধ জানাব।’


সাবেক সভাপতি আব্দুর রউফ বলেন, ‘নতুন নতুন বিতার্কিক তৈরি হচ্ছে এবং তারা জাতীয় পর্যায়ে বিভিন্ন অর্জন নিয়ে আসছে। এখানে এমন অনেক বিতার্কিক উপস্থিত আছে, যারা জাতীয় পর্যায়ে ভালো করছে। আমি আশা করি, তাদের হাত ধরেই আমাদের সংগঠন জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।’


তিনি আরও বলেন, ‘আমরা কেন বিতর্ক করব, কেন বিতর্ককে বেছে নিয়েছি, তা নিজেদের কাছে পরিষ্কার থাকা দরকার। বিতর্ক শেখার অন্যতম উদ্দেশ্য হলো যোগাযোগ দক্ষতা বাড়ানো, নেতৃত্বের দক্ষতা তৈরি করা এবং নেতৃত্ব শেখা।’


নবীন বরণের আনুষ্ঠানিকতা শেষে রম্য বিতর্কের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এমকে/বিএম২৪