রাজশাহীতে বাংলাদেশ মেইলের সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
রাজশাহীতে বাংলাদেশ মেইলের সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, অবস্থা আশঙ্কাজনক

সূত্রঃ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলাদেশ মেইল২৪ এর সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন পল্লবী আবাসিক এলাকার গাংপাড়া কবরস্থানের সামনে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


শুক্রবার (৩১ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক সহকর্মীর বাসায় যাওয়ার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাংলাদেশ মেইলের সাংবাদিক সম্রাটের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় দ্রুত হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। 


হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪ ছাড়াও দৈনিক সময়ের কাগজ ও দৈনিক গণকণ্ঠ পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার স্থায়ী বাসিন্দা।


এ দিকে এই একই ঘটনায় সাংবাদিক আবির শেখ এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন— সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) ও দাদি সোনিয়া (৭০)। 


সাংবাদিক আবির শেখ দাবি করেন, এলাকায় অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার জেরে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে।


এ বিষয়ে শাহমখদুম থানার ওসি মো. কবির হোসেন বলেন, বাংলাদেশ মেইলের সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।