বিরিয়ানি খেতেই মাথায় ইনজেকশন, যা বললেন সালমান

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০২:৫৯ এএম
বিরিয়ানি খেতেই মাথায় ইনজেকশন, যা বললেন সালমান

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক


বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন কিংবা নানা অভ্যাস—সবকিছুই প্রায়ই আলোচনায় উঠে আসে। এবার প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং প্রকাশ করেছেন সালমানের জীবনের বহু বছরের পুরোনো একটি ভিন্নধর্মী অভিজ্ঞতার কথা।


শৈলেন্দ্র জানান, একসময় মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবার নিয়মিত আড্ডা ও পার্টির আয়োজন হতো। তিনি সেখানকার নিয়মিত অতিথি ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন, সালমান খান খাবার খাওয়ার সময় ডাইনিং টেবিলের আয়নার সামনে বসতে পছন্দ করতেন। এমনকি নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে খাওয়া এবং মাঝেমধ্যে সেটির সঙ্গে কথাও বলতেন।


তবে এক সোমবার ঘটে আরও বিস্ময়কর একটি ঘটনা। শৈলেন্দ্রর ভাষ্য অনুযায়ী, সালমান তখন নিশ্চিন্তে বিরিয়ানি খাচ্ছিলেন। এমন সময় গ্লাভস ও চিকিৎসাসামগ্রী হাতে একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে অভিনেতার মাথার ত্বকে ইনজেকশন দিতে শুরু করেন। পুরো ঘটনাটি দেখে অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে ইশারায় কী হচ্ছে জানতে চান শৈলেন্দ্র।


জবাবে একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে সালমান বলেন, “অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।” এরপর ইনজেকশনের ব্যথাকে গুরুত্ব না দিয়ে তিনি আগের মতোই বিরিয়ানি খাওয়া চালিয়ে যান।


পরে শৈলেন্দ্র জানতে পারেন, সালমান আসলে ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) চিকিৎসা নিচ্ছিলেন। এই আধুনিক চিকিৎসাপদ্ধতিতে নিজের রক্তের প্লাজমা ব্যবহার করে চুল গজাতে বা চুলের ঘনত্ব বাড়াতে সহায়তা করা হয়।


শৈলেন্দ্র আরও বলেন, তখন তিনি এই চিকিৎসা সম্পর্কে জানতেন না। তবে বর্তমানে হৃতিক রোশনসহ অনেক তারকাই বয়সের সঙ্গে চুল পাতলা হয়ে গেলে এমন চিকিৎসা নিয়ে থাকেন।