সিলেটে নাসীরুদ্দীনের গাড়িতে হামলার দাবি, পুলিশের অস্বীকার
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জৈন্তাপুরের কর্মসূচি শেষে সিলেট নগরে ফেরার পথে তার ব্যবহৃত গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি ও তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনের হাত কেটে রক্তপাত হয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে স্ট্যাটাসে হামলাকারীদের পরিচয় বা হামলার পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে জৈন্তাপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কর্মসূচি শেষে এনসিপির নেতারা পুলিশের নিরাপত্তার মধ্যেই জৈন্তাপুর ত্যাগ করেন।
তিনি আরও বলেন, গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের সদস্যরা দায়িত্বে ছিলেন এবং তাদের নিরাপদে জৈন্তাপুর গেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। যদি হামলার মতো কোনো ঘটনা ঘটত, তাহলে পুলিশ অবশ্যই তা জানতে পারত। এছাড়া ওই সময় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল খুবই কম। তাই হামলার অভিযোগের সত্যতা নেই।








