লাইসেন্স জটিলতা ও বাড়তি ব্যয়ে চাপে পেট্রোল পাম্প মালিকরা
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের তরল জ্বালানি খাতের ব্যবসা বর্তমানে নানামুখী সংকটের মুখে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির অভিযোগ, অতিরিক্ত লাইসেন্স প্রক্রিয়া, ব্যবসা পরিচালনায় উচ্চ ব্যয়, আমলাতান্ত্রিক জটিলতা এবং সীমিত কমিশনের কারণে পেট্রোল পাম্প পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে।
শুক্রবার (৩১ জুলাই) এক বার্তায় এসব অভিযোগ তুলে ধরে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
সমিতির বক্তব্য অনুযায়ী, তরল জ্বালানি খাতে ব্যবসা পরিচালনার জন্য প্রায় ১০ ধরনের লাইসেন্স সংগ্রহ করতে হয়। এসব লাইসেন্স পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। অনেক ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কারণে বছরের পর বছর পার হলেও লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয় না।
সংগঠনটি জানায়, পেট্রোল পাম্প মালিকরা মূলত কমিশনভিত্তিক এজেন্ট হিসেবে কাজ করেন। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে অগ্রিম অর্থ পরিশোধ করে তেল কিনতে হয়। পরে সেই তেল অনেক সময় বাকিতে বিক্রি করতে হয় এবং বকেয়া আদায়ের ঝুঁকিও তাদেরই বহন করতে হয়।
বার্তায় আরও বলা হয়, জ্বালানি বিক্রির পুরো প্রক্রিয়া সম্পন্ন করলেও প্রকৃত মুনাফার বড় অংশ আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে চলে যায়। অন্যদিকে, পাম্প মালিকদের ওপর নিয়মিত নতুন নতুন প্রশাসনিক নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা ব্যবসা পরিচালনাকে আরও জটিল করে তুলছে।
সমিতির দাবি, সৎভাবে এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারীরাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এতে তরল জ্বালানি খাতের অনেক ব্যবসায়ী ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন।
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি মনে করে, বিদ্যমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশের পেট্রোল পাম্প ব্যবসা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।









