ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, ৮ ট্যাংকার ও ১০ প্রতিষ্ঠান কালো তালিকায়
সূত্রঃ ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আটটি তেলবাহী ট্যাংকার এবং ১০টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) মার্কিন অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের তেল বাণিজ্য এবং তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের কার্যক্রম ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতির অংশ হিসেবে নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অর্থায়নের পথ সংকুচিত করাই ওয়াশিংটনের লক্ষ্য।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলার জন্য তেহরানকে ‘চরম মূল্য’ দিতে হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দিতে প্রস্তুত এবং প্রয়োজন হলে শক্তিশালী হামলা চালানো হবে। তিনি অভিযোগ করেন, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল আকস্মিক, ফলে প্রতিরোধে মার্কিন সেনাদের হাতে খুব অল্প সময় ছিল।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জর্ডানে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝআকাশে ভূপাতিত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা








