রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ২২১ লিটার দেশীয় চোলাইমদসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২২১ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন ও এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সাপছড়ি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সনেন্দ্র ত্রিপুরা (৪২), রাঙ্গামাটি পৌরসভার গর্জনতলী এলাকার মো. নুরুল ইসলাম (৬৮), সিন্দুকছড়ির হপেন ত্রিপুরা প্রকাশ সুজন (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২২১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









