রাঙামাটিতে সাংবাদিকদের এআই, ফ্যাক্ট চেকিং ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু
সূত্রঃ বিডি মেইল
চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সাংবাদিকদের জন্য ‘এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে রাঙামাটির ৩৫ জন পেশাদার সংবাদকর্মী অংশ নিয়েছেন।
প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
প্রথম দিনে নিবন্ধন ও পরিচিতি পর্বের পর ‘এআই কী এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার’, ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’, ‘গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টুল’ এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব সেশনে এআই প্রযুক্তির ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং সাংবাদিকতায় এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় দিনে ‘রিক্যাপিং’, ‘নোটবুক এলএম’, ‘ডেটা বিশ্লেষণ ও কনটেন্ট তৈরি’, ছবি, অডিও ও ভিডিও কনটেন্ট তৈরি, ‘গুগল এআই স্টুডিও ব্যবহার’ এবং পডকাস্ট তৈরি বিষয়ে সেশন রয়েছে। একই দিনে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে রিপোর্টিং নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
তৃতীয় দিনে ‘ডিজিটাল নিরাপত্তা’, ‘ফ্যাক্ট চেকিং ধারণা, তথ্য ও গণমাধ্যম সাক্ষরতা’, ‘ফ্যাক্ট চেকিং: ছবি ও ভিডিও যাচাই’ এবং ‘ফ্যাক্ট চেকিং: এআই ও ডিপফেক’ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হবে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের প্রশিক্ষণ শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য রাঙামাটির সাংবাদিকদের এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ও যুগোপযোগী ধারণা দেওয়া। একই সঙ্গে সমসাময়িক প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলার উপায় সম্পর্কে ধারণা দেওয়া এবং এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরা এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং মানসম্পন্ন প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করলেও এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। সংবাদ পরিবেশনের সময় তথ্য সঠিক ও সত্য কি না, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার নিয়মনীতি মেনে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোর বাংলাদেশে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ। এ সময় ইউনেস্কোর বাংলাদেশে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সল উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, আরিফুল ইসলাম আরমান, এস এস আলম আরেফিনসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা দায়িত্ব পালন করছেন।








