কালীগঞ্জে আইনশৃঙ্খলায় অবদানে ৩ গ্রাম পুলিশকে সম্মাননা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
কালীগঞ্জে আইনশৃঙ্খলায় অবদানে ৩ গ্রাম পুলিশকে সম্মাননা

সূত্রঃ বিডি মেইল

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জ থানার গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশকে তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনজন গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় এ সাপ্তাহিক হাজিরা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।


থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ রানা শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইকবাল হোসেন।


অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।


কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য ও সহযোগিতা দিয়ে বিশেষ ভূমিকা রাখায় জামালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. শহিদুল্লাহ ও মো. সিদ্দিকুর রহমান এবং মোক্তারপুর ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী চিনি বাসকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সম্মাননা গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী হবে।