যশোর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-কম্বলসহ পণ্য জব্দ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-কম্বলসহ পণ্য জব্দ

সংগৃহীত

আতিকুজ্জামান (শার্শা), যশোর প্রতিনিধি


যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকস, চকলেটসহ বিভিন্ন ধরনের সামগ্রী।


শনিবার (৩১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।


বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ২০৫টি শাড়ি, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৪৭ হাজার টাকা।


যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধ এবং পাচারকারী চক্রকে আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।


তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪