দিরাইয়ের আলহাজ্ব আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শিক্ষকদের দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের মতে, এ ফলাফলের প্রকৃত কারণ খুঁজে বের করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এমকে/বিএম২৪








