সাতক্ষীরার দুই কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
সাতক্ষীরার দুই কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।


বোর্ডের ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।


এর মধ্যে ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেননি। অন্যদিকে, এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জনের একজনও উত্তীর্ণ হতে পারেননি।


চলতি বছর সাতক্ষীরা জেলার ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।


জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন। অর্থাৎ, পাসের সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।


এমকে/বিএম২৪