মাদ্রাসা শিক্ষক নেতা আজিজীকে ‘হয়রানির’ প্রতিবাদে ভোলায় বিক্ষোভ, ৪ নভেম্বরের কর্মসূচির ঘোষণা
সংগৃহীত
মো: সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও নোটিশ প্রকাশের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। তাঁর বিরুদ্ধে হয়রানি বন্ধ এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা শিক্ষক নেতা মাস্টার মো. আব্দুল হাই, দৌলতখান উপজেলা শিক্ষক নেতা মোহাম্মদ শরিফুল ইসলাম, মোহাম্মদ নাজিউর রহমান, শিক্ষক নেতা মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. ওবায়দুল্লাহ, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলার সেক্রেটারি মো. ইমরান হোসেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা সদর উপজেলার সেক্রেটারি মো. মাসুদুর রহমান, সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব আলী এবং জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বক্তারা জানান, এ কর্মসূচির প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী পোস্ট দেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তাঁদের অভিযোগ, পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত ১১টা ২২ মিনিটে অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় এবং অধিদপ্তরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। এ ছাড়া গত ১৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ঘটনার সময়কাল ও প্রশাসনিক কার্যক্রমের দ্রুততার সমালোচনা করে শিক্ষক নেতারা বলেন, অধ্যক্ষ আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির আন্দোলন নস্যাৎ করার উদ্দেশ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সমাবেশ থেকে অবিলম্বে অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং ৪ নভেম্বরের আন্দোলন বানচালের চেষ্টা বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ওই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত অবস্থান কর্মসূচিতে সারা দেশের শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা।
এমকে/বিএম২৪








