সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলে ভরাডুবি, ফেল ৭২৪
সংগৃহীত
হাদিসুর রহমান, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৭২৪ জন। পাসের হার ৬৩ দশমিক ৪৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটিতে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯১৫ জন। পাস করেছেন ১ হাজার ২১৫ জন। বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৫৫৬ জন এবং ফেল করেছেন ৩৫৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন শিক্ষার্থী।
মানবিক বিভাগে পাস করেছেন ৩৯৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৪৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাস করেছেন ২৬৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ১২৬ জন শিক্ষার্থী।
সামগ্রিক ফলাফলে পাসের হার তুলনামূলক কম এবং জিপিএ-৫-এর সংখ্যা মাত্র তিন হওয়ায় কলেজটির শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সবাই স্বাভাবিকভাবেই এতে হতাশ হবেন। তিনিও ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এখনো ফলাফলের আনুষ্ঠানিক কপি হাতে পাননি। কী কারণে এমন ফলাফল হয়েছে, তা পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে। ফলাফল ও এ-সংক্রান্ত বিষয়গুলোর সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
মশিউর রহমান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ঘাটতি না থাকলে এমন ফলাফল হওয়ার কথা নয়। গত বছর প্রাইভেট শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে এসে পরীক্ষায় অংশ নেওয়ায় ফলাফল খারাপ হয়েছিল। তবে এ বছর তাঁর জানা মতে, সেই ব্যবস্থা বন্ধ ছিল।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
এমকে/বিএম২৪









