যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি, নেতৃত্বে ফাহিম-হাসিব
সংগৃহীত
যবিপ্রবি প্রতিনিধি: সাকিবুল ইসলাম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন JUST Photographic Society-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন শাহরিয়ার হোসাইন সুনি ও রবিউল ইসলাম শিমুল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুর রহিম ও অপূর্ব দেবনাথ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন ইবনে করিম সামি ও মোছা. আরিফুন নাহার অর্নি। কোষাধ্যক্ষ হয়েছেন অরিত্র বিশ্বাস। এ ছাড়া বিভিন্ন পদে আরও ২৩ জন শিক্ষার্থীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্ব ও সংগঠনের লক্ষ্য সম্পর্কে সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ফটোগ্রাফি শুধু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয় নয়; এটি একটি বিশ্বজনীন ভাষা। পৃথিবীর যেকোনো দেশের মানুষ, যে ভাষাতেই কথা বলুক না কেন, ছবির ভাষা বুঝতে পারে। তবে সেই ভাষায় কথা বলা বা আলোকচিত্রচর্চায় আগ্রহী মানুষের সংখ্যা তুলনামূলক কম।
তিনি বলেন, যবিপ্রবির আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফিতে দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ জন্য সংগঠনটি বিভিন্ন কর্মশালা, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। নতুন কমিটিও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও বিস্তৃত পরিসরে কাজ করতে চায়।
ক্যাম্পাসে ফটোগ্রাফিচর্চার বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা তুলে ধরে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব বলেন, ফটোগ্রাফির ক্ষেত্রে দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় যবিপ্রবি এখনো পিছিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অল্পসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখছেন। অথচ ক্যাম্পাসে ফটোগ্রাফি নিয়ে আলোচনা কিংবা নিয়মিত চর্চার পরিবেশ তেমন একটা দেখা যায় না।
এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, JUST Photographic Society-এর মাধ্যমে ক্যাম্পাসে ফটোগ্রাফিচর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন এবং অংশগ্রহণের মাধ্যমে যবিপ্রবিকে দেশের ফটোগ্রাফি অঙ্গনে আরও পরিচিত করে তুলতে কাজ করছেন তারা। শিক্ষার্থীদের মধ্যে আলোকচিত্রের প্রতি আগ্রহ তৈরি, নতুন প্রতিভা বিকাশ এবং তাদের কাজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাই তাদের লক্ষ্য।
উল্লেখ্য, JUST Photographic Society যবিপ্রবির একটি আলোকচিত্রবিষয়ক সংগঠন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফটোগ্রাফিচর্চার প্রসার, শিক্ষার্থীদের আলোকচিত্রবিষয়ক দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীল কাজের ক্ষেত্র তৈরিতে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমকে/বিএম২৪









