নওগাঁয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেলেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা নবাব

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
নওগাঁয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেলেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা নবাব

সংগৃহীত

নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি


নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮)।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।


নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় গণমাধ্যমকে বলেন, জাকির হোসেন নবাব নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।


তিনি আরও জানান, মঙ্গলবার সকালে কারাগারে অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।


জাকির হোসেন নবাব কারাগারে একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন।


এমকে/বিএম২৪