কালিয়াকৈরে তুরাগ নদীতে গোসল করতে নেমে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু, উদ্ধার মরদেহ

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
কালিয়াকৈরে তুরাগ নদীতে গোসল করতে নেমে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু, উদ্ধার মরদেহ

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া আবু হোসেন মণ্ডল (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়ইবাড়ী ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে রাতেই টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।


নিহত আবু হোসেন মণ্ডল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর এলাকার বাবু মণ্ডলের ছেলে। তিনি কালিয়াকৈরের স্থানীয় লিজ ফ্যাশন গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কালিয়াকৈরের গার্মেন্টস কারখানাগুলো বন্ধ থাকায় সোমবার ১০ বন্ধু মিলে তুরাগ নদীতে মাছ ধরতে ও সাঁতার কাটতে যান। একপর্যায়ে তাঁরা নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। অন্য বন্ধুরা নদীর ওপারে পৌঁছাতে পারলেও আবু হোসেন মাঝনদীতে ডুবে যান।


পরে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, অনেক চেষ্টার পর তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এমকে/বিএম২৪