ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

সংগৃহীত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সেবনের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ নভেম্বর) ধর্মপাশা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় গত ২ নভেম্বর থানার এসআই শরীফুল ইসলাম ও এসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় জুবায়ের ইসলাম তুষার (২১), ইয়ার রহমান (২২), মো. মাজহারুল ইসলাম (২১) ও আকাশ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় জুবায়ের ইসলাম তুষার ও ইয়ার রহমানকে এক মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


অন্যদিকে, মো. মাজহারুল ইসলাম ও আকাশ মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁদেরও অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।


এদিকে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আলী আফজাল (৩৫) নামের একজনকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্মপাশা থানার ০৪(১১)২৬ নম্বর মামলার এজাহারনামীয় আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া মিয়া (৪৫) এবং মফিজুর রহমান ওরফে মফিজ মিয়াকে (৪৮) মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের দিকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এমকে/বিএম২৪