৫৩ বছরে পা রাখলেন প্রিয়দর্শিনী মৌসুমী
সংগৃহীত
বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ। ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। বিশেষ দিনটি এবারও যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন তিনি।
প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশের বাইরে থাকলেও জন্মদিন ঘিরে ভক্তদের ভালোবাসায় কোনো কমতি নেই। প্রতিবছরের মতো এবারও তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে নানা আয়োজন করেছেন ভক্তরা।
জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী।
স্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের পরিকল্পনা সম্পর্কে ওমর সানী জানান, পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজনের কথা তাঁকে বলেছেন স্ত্রী ও মেয়ে। এ ছাড়া নিজের উদ্যোগে আরও একটি কাজ করছেন, যা প্রকাশ করতে চান না। ফ্যান ক্লাবের আয়োজনে তিনি শুধু প্রধান অতিথি হিসেবে থাকবেন।
যুক্তরাষ্ট্র থেকে জন্মদিনের অনুভূতি জানিয়ে মৌসুমী বলেন, সেখানে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। মা, মেয়ে ও বোনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সময় কাটাবেন। নিজেদের মধ্যে খাওয়া-দাওয়ার মধ্য দিয়েই দিনটি উদ্যাপন করবেন।
মৌসুমী আরও জানান, ইসলামে জন্মদিন পালনের কোনো রীতি না থাকায় এ ধরনের আয়োজন থেকে নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেন। তবে ঢাকায় থাকলে ওমর সানী এবং তাঁর ফ্যান ক্লাবের সদস্যরা নানা আয়োজন করেন। দূরে থেকেও ভক্তদের এসব ভালোবাসা উপভোগ করেন তিনি।
ছোটবেলার জন্মদিনের স্মৃতিচারণ করে অভিনেত্রী জানান, তাঁর বাবা জন্মদিনে এতিমখানায় খাবারের আয়োজন করতেন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন। অন্যদিকে মা আত্মীয়-স্বজনদের দাওয়াত করে খাওয়াতে ভালোবাসতেন। সেই সময়গুলো এখন খুব মনে পড়ে তাঁর।
১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। চলচ্চিত্রে আসার আগে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।
অভিষেকের পর সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন মৌসুমী। একই সময়ে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তিনি। তাঁদের জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামী’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙ্গিন রংবাজ’।
মৌসুমীর ক্যারিয়ারে ‘তিন’ সংখ্যাটির সঙ্গে রয়েছে মজার এক মিল। তাঁর নাম তিন অক্ষরের, জন্মদিন ৩ নভেম্বর। ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘দোলা’তে প্রথমবার ওমর সানীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পরবর্তী সময়ে পর্দার সেই জুটি বাস্তব জীবনেও গড়ে তোলে সংসার। অভিনয়জীবনের তৃতীয় বছরেই ওমর সানীকে বিয়ে করেন মৌসুমী।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০০১ সালে ‘মেঘলা আকাশ’, ২০১৩ সালে ‘দেবদাস’ এবং ২০১৪ সালে ‘তারকাঁটা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনটি সিনেমা পরিচালনাও করেছেন এই অভিনেত্রী।
জন্মদিন, নাম, অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে ‘তিন’ সংখ্যার এমন উপস্থিতি মৌসুমীর জীবনে তৈরি করেছে এক ব্যতিক্রমী যোগসূত্র।
এমকে/বিএম২৪









