গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা
সংগৃহীত
জেলা প্রতিনিধি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করেন বিক্ষোভকারী শ্রমিকরা। এ সময় থানায় হামলার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভেতর থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা সেখান থেকে সরে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিমপুর থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সেখানে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক তেলীরচালা এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সেখানে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এমকে/বিএম২৪









