মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক দুই
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার শেখ (৬২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই অভিযানে গাঁজা সেবনের অভিযোগে মো. কাইয়ুম শেখ (৩৫) নামে আরও একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে দৈবজ্ঞহাটি ইউনিয়নের নূরুল্লাপুর গ্রাম থেকে দেলোয়ার শেখকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
অপরদিকে, মোরেলগঞ্জ পৌরসভার মিত্রডাঙ্গা এলাকায় গাঁজা সেবনের অভিযোগে কাইয়ুম শেখকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, গাঁজা সেবনের অভিযোগে কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
এদিকে ৪ কেজি গাঁজাসহ আটক দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









