চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:১৮ এএম
চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি

সূত্রঃ সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় আমদানি বাড়ায় কর্মচাঞ্চল্যও বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। প্রতিদিন গড়ে ৩০০ মণের বেশি ইলিশ এলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।


বুধবার (১৯ আগস্ট) বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন আড়তে ইলিশের স্তূপ। কোথাও মাছ বাছাই, আবার কোথাও বরফ দিয়ে প্যাকেটজাত করার কাজ চলছে। দক্ষিণাঞ্চল, সাগরের মোহনা এবং পদ্মা-মেঘনা থেকে আসা ইলিশে সরগরম হয়ে উঠেছে মাছঘাট।


ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ায় গত এক মাসের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। বর্তমানে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ৪০০ টাকা এবং ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।


গত সপ্তাহে এসব আকারের ইলিশের দাম ছিল যথাক্রমে ৩ হাজার ৭০০, ৩ হাজার, ২ হাজার ৮০০ এবং ২ হাজার ২০০ টাকা।


ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বাড়লেও ইলিশের দাম এখনো অনেক বেশি। চাঁদপুরের স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, চাঁদপুরে ইলিশের ঘাট হলেও স্থানীয় ইলিশের পরিমাণ কম। ভোলা ও বরিশাল থেকে আসা মাছই বেশি। ফলে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে।


হাইমচর থেকে আসা ক্রেতা সফিকুর রহমান বলেন, এত বেশি দামে মধ্যবিত্ত পরিবারের পক্ষে ইলিশ কেনা কঠিন। তবে আরেক ক্রেতা জমিরের মতে, আগের তুলনায় সরবরাহ বেড়েছে এবং দামও কিছুটা সহনীয় হয়েছে।


ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন বলেন, ইলিশের দাম প্রতিদিনই ওঠানামা করছে। গত দুই দিনের তুলনায় বুধবার দাম কিছুটা বেড়েছে। আমদানি আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।


ব্যবসায়ী কামাল হোসেন জানান, ভোলা ও বরিশালের ইলিশের দাম তুলনামূলক কম। স্থানীয় চাঁদপুরের ইলিশের মান ভালো হওয়ায় দামও বেশি। গত কয়েকদিনের তুলনায় বুধবার প্রতি মণে ৮ থেকে ১০ হাজার টাকা বেশি দামে ইলিশ বিক্রি হয়েছে।


ইলিশের আড়তদার সম্রাট বেপারী বলেন, গত দুই দিনে হাতিয়ার কিছু ইলিশ এসেছে। তবে চাঁদপুরের স্থানীয় ইলিশের সরবরাহ খুবই কম থাকায় বাজারে দাম বেশি।


চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, মাছঘাটে এখনো পর্যাপ্ত ইলিশ আসছে না। তবে আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। এতে গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমছে।