বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, শপথ শুক্রবার

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, শপথ শুক্রবার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


তিনি বলেন, নির্বাচন শুরুর পাঁচ মিনিট আগে ভোটগ্রহণের সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে।


চিফ হুইপ জানান, এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া রেকর্ড করা হবে। নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে।


তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া দেশের মানুষ সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাবে।


চিফ হুইপ আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশকে এগিয়ে নেওয়া হবে।


এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমেদ।


রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।


১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।