বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সূত্রঃ সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।


মামলায় বিএনপির পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, পূর্বানুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে গত ১৩ আগস্ট বাঘাইছড়ি থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর আওতায় মামলাটি করা হয়। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া পরিবেশ অধিদপ্তর পরিচালনা করছে।


পুলিশ জানায়, অভিযানের সময় কাচালং নদীর তীরবর্তী এলাকা থেকে পাঁচটি স্তূপে রাখা প্রায় ২৪ হাজার ৩০০ ঘনফুট বালু এবং বালু উত্তোলনের তিনটি মেশিন জব্দ করা হয়। পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


মামলার এজাহারে বলা হয়েছে, একই ধরনের অপরাধে এর আগে মো. ওমর আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে ফের মামলা করা হয়েছে।


এজাহারে আরও উল্লেখ করা হয়, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করা হয়েছে। এ আইনের আওতায় এ ধরনের অপরাধের জন্য আইনগত শাস্তির বিধান রয়েছে।


এর আগে গত ১১ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তর্ষি সাহা মো. ওমর আলীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।


পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার অভিযোগও রয়েছে। তবে মামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।