আল আরাফাহ ব্যাংকের আউটলেট থেকে কোটি টাকা উধাও
সূত্রঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটের ২১ গ্রাহকের জমা করা ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আউটলেটটির এজেন্ট মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—আউটলেটের এজেন্ট মালিক হাকিম উদ্দিন (৬৮) ও ক্যাশিয়ার তাহসিন ইসলাম (২১)। এ ঘটনায় পালংখালী বাজারের ব্যবসায়ী আনোয়ার ফয়সাল আরিফ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে আউটলেটের ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদ, অংশীদার মালিক বেলাল উদ্দিনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের দিকে পালংখালী বাজারের ইয়াকুব-মোস্তফা মার্কেটের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটটির কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের সঙ্গে কর্মকর্তাদের পূর্বপরিচয় থাকায় গ্রাহকেরা বিশ্বাস করে সেখানে হিসাব খুলে নিয়মিত টাকা জমা রাখতেন।
মামলার বাদীর দাবি, তাঁর নিজের হিসাবেই ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা ছিল। এ ছাড়া ২১ গ্রাহকের হিসাবে থাকা মোট ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের সময় টাকা তুলতে গেলে আউটলেটের কর্মকর্তারা নানা অজুহাতে টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে হিসাব ও জমার রসিদ যাচাই করে তারা দেখতে পান, জমা করা টাকার সঙ্গে হিসাবের তথ্যের মিল নেই। কোনো কোনো হিসাবে মাত্র কয়েক হাজার টাকা দেখানো হচ্ছিল বলেও অভিযোগ করেছেন তারা।
গ্রাহক আমিরুল ফয়েজ বলেন, দীর্ঘদিন ধরে তিনি ওই আউটলেটে টাকা জমা করে আসছিলেন। প্রয়োজনের সময় টাকা তুলতে গেলে নানা অজুহাত দেখানো হয়। পরে হিসাব যাচাই করে জমা করা টাকার সঙ্গে হিসাবের মিল না পাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরেক গ্রাহক রুনা আক্তার বলেন, বিশ্বাস করে ব্যাংকের ওই আউটলেটে টাকা রেখেছিলেন। এখন প্রয়োজনের সময় জানতে পারছেন, হিসাবে সেই টাকা নেই। সঠিক তদন্তের মাধ্যমে জমা করা টাকা ফেরতের দাবি জানান তিনি।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গ্রাহকেরা টাকা ফেরতের জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা সময়ক্ষেপণ করতে থাকেন। পরে গ্রাহকেরা অভিযোগ করেন, হিসাবের বই, জমার রসিদ ও সংশ্লিষ্ট নথিতে অনিয়ম করে অর্থ অন্য হিসাবে স্থানান্তর করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাদী ও কয়েকজন গ্রাহক আউটলেট কার্যালয়ে গিয়ে তাঁদের জমা করা টাকা ফেরত চান। এ সময় অভিযুক্তদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্রাহকেরা হাকিম উদ্দিন ও তাহসিন ইসলামকে আটক করেন। পরে স্থানীয়দের ফোনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।
পুলিশ তাদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাকিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে থানায় এজাহার দেওয়া হয়েছে। অভিযোগের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আউটলেটটির ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদ ও অন্যান্য কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা এবং ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।








