মজুরি বোর্ড গঠনকে বিজয় আখ্যা, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
মজুরি বোর্ড গঠনকে বিজয় আখ্যা, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের গঠিত মজুরি বোর্ডকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বুধবার (৪ নভেম্বর) থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ৩৫টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের নেতারা।


সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি তমিজ উদ্দিন তনু লিখিত বক্তব্যে বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল। তবে আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে একটি পক্ষ পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কারখানায় ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও শ্রমিকদের জীবিকা রক্ষায় শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা জরুরি। বহিরাগতদের অপতৎপরতা সম্পর্কে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানান তিনি।


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল আলম বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার আনুষ্ঠানিক পথ তৈরি হয়েছে। এ উদ্যোগকে বিজয় হিসেবে বিবেচনা করে মজুরি বোর্ডের ওপর আস্থা রাখা উচিত। আলোচনার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য দাবি আদায় সম্ভব।


তিনি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার ও দমন-পীড়ন না চালিয়ে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পোশাক শিল্প শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ঐক্য পরিষদের গাজীপুর জেলা সভাপতি মিজানুর রহমান সিকদার, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মো. আবুল হোসেন জুয়েল, রোকেয়া পারভিন, আজিজুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, মো. মনিরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।


এদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে মঙ্গলবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়, নাওজোড়সহ বিভিন্ন এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়।


গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সড়কে অবস্থান করেন।


এ সময় তাঁরা সাংবাদিকদের বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


এমকে/বিএম২৪