ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বিডি মেইল

মো. সুলাইমান, ভোলা প্রতিনিধি


সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোলায় বিশেষ যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) ভোলার বাসস্ট্যান্ড ও যুগীরঘোল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে খাবারে ফুড গ্রেডবিহীন ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার মতো বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


অভিযান চলাকালে খাবারে ফুড গ্রেডবিহীন ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রেড লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেকারির পণ্যে ফুড গ্রেডবিহীন রং ও ফ্লেভার ব্যবহারের দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান, মো. আশরাফুল আলম ও মো. মনিরুজ্জামান।


কার্যক্রমটি সমন্বয় ও তদারকি করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা কমিটির সভাপতি মো. সুলাইমান, ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসাইন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মী এবং ভোলা সদর থানার পুলিশ সদস্যরা।


অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মুচলেকা দেয়।


জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


এমকে/বিএম২৪