ফরিদপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: বিডি মেইল
মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে পৈতৃক ও ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি দখল, বসতভিটায় প্রবেশে বাধা, হামলা ও হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. পলাশ মুন্সী।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
পলাশ মুন্সী জানান, সদরপুর উপজেলার চৌদ্দরশি এলাকায় তাঁদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা জবরদখল করে রেখেছে। শুধু জমি দখল নয়, বর্তমানে তাঁদের পরিবারের সদস্যদের নিজস্ব বসতভিটায় প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিরোধের জেরে গত ২৫ জুন তাঁদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় তাঁদের পরিবারের সদস্যদের সাজানো ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে পলাশ মুন্সী তাঁদের পৈতৃক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের সদস্যদের নিজ ভিটেবাড়িতে নির্বিঘ্নে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এমকে/বিএম২৪








