নামাজ পড়তে বলায় লাঠি ভাঙলেন নাতি জামাই, অভিযোগ জানাতে থানায় নানা
ছবি : সংগৃহীত
বরগুনা প্রতিনিধি
নামাজ পড়তে বলায় বৃদ্ধ নানার সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁর চলাচলের একমাত্র অবলম্বন হাতের লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ছাড়া পথেঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধ নানা মাওলানা সোহরাব হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজী একই এলাকার প্রতিবেশী ও তাঁর নাতি জামাই।
অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে সোহরাব হোসেন তাঁর নাতি জামাই রব্বানী গাজীকে নামাজ পড়তে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাঁটাচলার জন্য ব্যবহৃত হাতের লাঠি ভেঙে ফেলেন। এ ছাড়া বিভিন্ন সময় পথেঘাটে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোহরাব হোসেনের দাবি, লাঠি ভেঙে দেওয়ায় বর্তমানে তাঁর চলাফেরায় চরম অসুবিধা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় আইনি সহযোগিতা পেতে থানায় অভিযোগ করেছেন তিনি।
বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, নামাজ পড়তে বলার ঘটনাকে কেন্দ্র করে নাতি জামাইয়ের বিরুদ্ধে এক বৃদ্ধ নানা লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনগতভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নেওয়া হবে। পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব হলে সেই উদ্যোগও নেওয়া হবে।









