হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর

বিনোদন ডেস্ক


চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনগুলোর মুখপাত্র ও চিত্রনায়ক জয় চৌধুরী।


জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের ‘বাস্টার্ড’ বলে গালিগালাজ করেছেন। এমনকি তাঁর সামনেই হেলাল খানের সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।


জয় চৌধুরী বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে পাঠানো এক লিখিত বার্তায় তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’


রোববার বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময় হেলাল খান তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেন বলে ভিডিওতে দেখা যায়। ভিডিওতে জয় চৌধুরীকে উদ্দেশ করে হেলাল খানকে ‘তুই ফ্যাসিস্ট’ বলতেও শোনা যায়।


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।


তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান।


এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল খান। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাঁদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।


হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, “চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।”’


এমকে/বিএম২৪