খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে: আজিজুর রহমান বিদ্যুৎ
সংগৃহীত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাজাপুর পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।
তিনি আরও বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একটি সুস্থ সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা আব্দুল জব্বার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফুলকোর্ট নিউ স্টার ক্লাব ২-১ গোলে পারতেখুর নাহিদ নিউ স্টার ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
এমকে/বিএম২৪








