দাগনভূঞার চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘের উন্নয়নমূলক সভায় প্রধান অতিথি কামাল হোসেন ভূঁইয়া

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
দাগনভূঞার চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘের উন্নয়নমূলক সভায় প্রধান অতিথি কামাল হোসেন ভূঁইয়া

সংগৃহীত

সাইফ উদ্দিন, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলার ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে সামাজিক সংগঠন ‘চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘ’-এর উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন ভূঁইয়া।

সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় কার্যালয়ের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘ সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সমাজ উন্নয়ন ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি সংগঠনের নিজস্ব অর্থায়নে কেনা জমিতে একটি কার্যালয় নির্মাণ করা হলেও এর অবকাঠামোগত উন্নয়ন ও বেশ কিছু নির্মাণকাজ এখনো বাকি রয়েছে। সভায় এসব কাজ দ্রুত সম্পন্ন করে কার্যালয়টিকে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন ভূঁইয়া বলেন, “সামাজিক ও মানবিক কাজের সঙ্গে আমি সবসময় ছিলাম এবং থাকব। এই সংগঠনের নিজস্ব কার্যালয়ের অসম্পূর্ণ কাজগুলো যাতে দ্রুত শেষ হয়, সে বিষয়ে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি যতদিন বেঁচে থাকব, এই সংগঠনের সঙ্গে ভালোবাসার বন্ধন বজায় রাখব এবং সবসময় পাশে থাকব।”

এ সময় তাঁর সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংগঠনের আহ্বায়ক কামাল উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে কামাল হোসেন ভূঁইয়াকে সংগঠনের ‘আজীবন সম্মানীয় উপদেষ্টা’ হিসেবে ঘোষণা করেন।

সাংবাদিক সাইফ উদ্দিন নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করতে সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান।


এমকে/বিএম২৪