ভালো অভিনেত্রীরা আড়ালে, আলোচনায় শুধু ‘ফালতুরা’: শবনম ফারিয়া

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
ভালো অভিনেত্রীরা আড়ালে, আলোচনায় শুধু ‘ফালতুরা’: শবনম ফারিয়া

সংগৃহীত

বিনোদন ডেস্ক


ঢাকাই শোবিজে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের কারণে কিছু তারকার আলোচনায় থাকার প্রবণতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, দেশে অনেক মেধাবী ও গুণী অভিনেত্রী রয়েছেন, যারা নিজেদের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। অথচ তাঁদের কাজ নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা, ততটা হচ্ছে না।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম তুলে ধরেন শবনম ফারিয়া। সেখানে তিনি উল্লেখ করেন, কিছু অভিনেত্রী শুধু অভিনয়ের মাধ্যমেই দর্শকদের বিনোদন দেন। অপ্রয়োজনীয় কর্মকাণ্ড কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসার চেষ্টা করেন না। অথচ দর্শকদের আগ্রহ যেন তাঁদের প্রতি তুলনামূলক কম।


ফারিয়ার পছন্দের তালিকার শুরুতেই রয়েছে জয়া আহসানের নাম। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, অভিনয়ের বাইরেও জয়ার রয়েছে নানা শখ। এরপর সানজিদা প্রীতির অভিনয়দক্ষতার প্রশংসা করেন তিনি। বিশেষ করে ‘স্পর্শের বাইরে’ সিরিজে তাঁর অভিনয় মুগ্ধ করেছে ফারিয়াকে।


নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়েও অকপটে মুগ্ধতার কথা জানিয়েছেন ফারিয়া। তাঁর ভাষায়, মৌসুমীর অভিনয় দেখলে নিজেরও তাঁর মতো অভিনয় করতে ইচ্ছা হয়। অভিনেত্রীর পরিশ্রম ও সহজাত অভিনয়দক্ষতার প্রশংসাও করেন তিনি।


এ ছাড়া নাজিয়া হক অর্ষার অভিনয়ের বিশেষত্ব তুলে ধরে ফারিয়া বলেন, সংলাপের বাইরেও চোখের অভিব্যক্তি দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন অর্ষা।


পোস্টে আরও প্রশংসা করেছেন আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির। তাঁর মতে, এসব অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও আলাদা পরিচিতি তৈরি করেছেন।


তবে পোস্টের শেষাংশে এসে নিজের আক্ষেপের কথাই স্পষ্টভাবে তুলে ধরেন শবনম ফারিয়া। তাঁর অভিযোগ, ভালো অভিনয়, মার্জিত কথাবার্তা ও ব্যক্তিত্বের চেয়ে তারকাদের পোশাকের দাম কিংবা বিদেশে ব্যক্তিগত জীবনযাপনের বিষয়গুলো নিয়েই বেশি মাতামাতি করেন অনেকে।


এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ধারণা তৈরি হচ্ছে, শোবিজে যেন শুধু বিতর্কিত ও অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরই জয়জয়কার। বিষয়টি মোটেও এমন হওয়ার কথা ছিল না বলেই মনে করেন এই অভিনেত্রী।


এমকে/বিএম২৪