বেড়ায় চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান, জব্দ ১০ লাখ টাকার সরঞ্জাম

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
বেড়ায় চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান, জব্দ ১০ লাখ টাকার সরঞ্জাম

সূত্রঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি :



পাবনার বেড়া পৌরসভার বনগ্রামে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের জাল ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৩০০ পিস জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।


পরে জব্দ করা জালগুলো বেড়া উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তৈরির মেশিনসহ কিছু ধাতব সরঞ্জাম সংরক্ষণ করা হয়েছে। এসব মালামাল পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


অভিযানের সময় বাড়ির মালিক ঈশ্বরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন, বেড়া মডেল থানার পুলিশের একটি দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এমকে/বিএম২৪