বেগমগঞ্জে ১১ কেজি গাঁজাসহ যুবক আটক, জব্দ সিএনজি
সূত্রঃ সংগৃহীত
মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ডিমাতলী গ্রামের বাসিন্দা। তিনি মো. আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশিতে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মাদক জব্দের ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমকে/বিএম২৪









