বুটেক্স ফুটবল ফিয়েস্তা ৩.০-তে চ্যাম্পিয়ন টিএমডিএম, রানার্সআপ ইএসই
সংগৃহীত
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর শিরোপা জিতেছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগ। ফাইনালে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। রানার্সআপ হয়েছে ইএসই বিভাগ।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দুপুর ২টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৩-১ গোলে জয় নিশ্চিত করে টিএমডিএম বিভাগ।
শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টিএমডিএমের খেলোয়াড়দের সফলতায় শিরোপা নিশ্চিত হয়।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বক্তব্যে তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের পরিশ্রমের প্রশংসা করেন। পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ, জার্সি বিতরণ এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ফাইনালে ওঠা দুই দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলোকেও সাধুবাদ জানান তিনি।
উপাচার্য বলেন, খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়ে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। মাঠে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় রেফারিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং দর্শকদের মাঠের সীমানার বাইরে থেকে খেলা উপভোগ করার পরামর্শ দেন। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সরদের প্রতিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্যালেন্ডার’ চালুর পরিকল্পনা রয়েছে। এতে বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে শিক্ষার্থীরা আগে থেকেই বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, আইটিইটির সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন রাতুল এবং হিউ-টেক বিডির পক্ষে ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক স্পোর্টস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন টিএমডিএম বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শিহাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. নূজহাত ইসলাম নির্জন। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ইএসই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোমিনুর রহমান তালুকদার। একই বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম লিখন নির্বাচিত হয়েছেন সেরা ডিফেন্ডার।
এমকে/বিএম২৪









