বিসিএস ভাইভা দিতে এসে লাশ হয়ে ফিরলেন ঢাবির মিশা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
বিসিএস ভাইভা দিতে এসে লাশ হয়ে ফিরলেন ঢাবির মিশা

সূত্রঃ সংগৃহীত

মো. সিজান হোসেন;খুলনা প্রতিনিধি


৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মিশা খাতুন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। স্বপ্নপূরণের উদ্দেশ্যে শুরু করা যাত্রা শেষ হলো লাশ হয়ে বাড়ি ফেরার মধ্য দিয়ে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশা খাতুন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে তিনি নিহত হন।

মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ে পরীক্ষক (কেমিক্যাল) পদে কর্মরত ছিলেন।

জানা যায়, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের আশায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন মিশা। তবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্নযাত্রা থেমে গেল পথেই।

মিশার স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যাত্রা করা তরুণীর এমন করুণ মৃত্যু সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।


এমকে/বিএম২৪